logo

হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ

হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ
ছবি: এশিয়া পোস্ট

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালীর হাতিয়ার সঙ্গে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে ফেরি কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এ ঘোষণা দেওয়া হয়েছে। এর ফলে হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, নদী প্রবল ঢেউ ও উত্তাল থাকায় এ ঘাট থেকে সি-ট্রাক, ফেরি ছেড়ে যায়নি, তবে তোয়াক্কা না করে ঝুঁকি নিয়ে ২-৩টি যাত্রীবাহী ট্রলার ছেড়ে গেছে ।

হাতিয়ার চেয়ারম্যান ঘাট চলাচলকারী ফেরি মহানন্দার মাস্টার তোফাজ্জল হোসেন বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৩নং সতর্কসংকেত জারি করা হয়েছে। এ কারণে কর্তৃপক্ষের নির্দেশে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।

এ বিষয়ে হাতিয়া উপকূলীয় নদীবন্দরের সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়া চেয়ারম্যানঘাট-নলচিরা ঘাট নৌপথে চলাচলকারী সব ধরনের সরকারি নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, হাতিয়া উপজেলা বর্তমানে তিন নম্বর সতর্কসংকেতের আওতায় রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে সাগর ও নদী উত্তাল থাকায় আজ বৃহস্পতিবার সকাল থেকে হাতিয়ার ফেরি চলাচল বন্ধ রেখেছেন।