কুমিল্লায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টা, মারধর করে পুলিশে দিল জনতা

কুমিল্লা নগরীতে দেশীয় অস্ত্র দেখিয়ে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনতাই চেষ্টার ঘটনা ঘটেছে। স্থানীয়রা এক ছিনতাইকারীকে ধরে মারধর করে পুলিশে সোপর্দ করেন। তার দুই সহযোগী পালিয়ে গেছেন।
রোববার (১৭ মে) ভোর পাঁচটার দিকে নগরীর হাউজিং এস্টেট এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃত আবদুল জলিল নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের ২য় মুরাদপুর কাটাবিল এলাকার সর্দার বাড়ির জয়নাল আবেদীনের ছেলে। পালিয়ে যাওয়া দুই ছিনতাইকারীর নাম সুমন ও সুজন বলে জানা গেছে।
ভুক্তভোগী ভানটি চক্রবর্তী জানান, তিনি একটি মাদক নিরাময় কেন্দ্রে চাকরি করেন। সিলেট থেকে কুমিল্লায় এসে বিশ্বরোড এলাকায় নামেন। পরে টমছমব্রিজ এলাকায় যাওয়ার জন্য অটোরিকশা না পেয়ে হেঁটে রওনা দেন। পথে হাউজিং এস্টেট এলাকায় পৌঁছালে তিন ছিনতাইকারী তার গতিরোধ করে ছুরি ও দা দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে তারা তার মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে।
পুলিশ জানায়, ভানটি চক্রবর্তী চিৎকার দিলে ফজরের নামাজ আদায় করতে আসা স্থানীয় মুসল্লিরা ধাওয়া দিয়ে আবদুল জলিলকে আটক করে মারধর করেন। খবর পেয়ে কুমিল্লা চকবাজার ফাঁড়ির এসআই মেজবাহ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপাত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ঘটনার সঙ্গে জড়িত পলাতক দুই ছিনতাইকারী সুমন ও সুজনকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
