logo
Advertisement

চাঁপাইনবাবগঞ্জে এসপি অফিস ঘেরাও করা ছাত্রদল নেতাকে কেন্দ্রে তলব

চাঁপাইনবাবগঞ্জে এসপি অফিস ঘেরাও করা ছাত্রদল নেতাকে কেন্দ্রে তলব
চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার। ছবি: তার ফেসবুক থেকে নেওয়া

মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাওয়ান ঘটনায় পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ঘেরাও করা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তারকে তলব করেছে কেন্দ্রীয় কমিটি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়েছে, জেলা শাখার দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তার বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে না—তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সভাপতি রকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের উপস্থিতিতে নয়াপল্টন কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

এর আগে, সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেট এলাকায় আক্তারুজ্জমানের মোটরসাইকেলের কাগজ যাচাইয়ের জন্য থামায় পুলিশ। এতে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান তিনি। পরে ওই দিন রাতে অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে এসপি কার্যালয়ের প্রধান ফটক ঘেরাও করেন আক্তার। এতে ভেতরে থাকা পুলিশ সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েন। এ সময় তথ্য সংগ্রহে যাওয়া সাংবাদিকদের ছবি ও ভিডিও ফুটেজ মুছে ফেলারও চাপ দেওয়া হয়।

এ বিষয়ে আক্তারুজ্জামান বলেন, কারণ দর্শানোর জবাব দিতে ঢাকায় যাচ্ছি। আমার মনে হয় সোমবার রাতের ঘটনার কারণে নোটিশ দেওয়া হয়েছে।

জেলা ছাত্রদলের সভাপতি মীম ফজলে আজিম জানান, পুরো বিষয়টি ভুল-বোঝাবুঝি থেকে হয়েছে। কেন্দ্রের কাছে ব্যাখ্যা দিয়ে সমাধান করা হবে।