logo

গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালিমে পরিণত হয়েছে: তারেক রহমান

গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালিমে পরিণত হয়েছে: তারেক রহমান

স্বৈরাচারের মতোই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালিমে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালে নির্বাচনি জনসভায় যোগ দিয়ে বক্তব্য প্রদানকালে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, স্বৈরাচারের মতোই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালিমে পরিণত হয়েছে। তাদের কাছে মা-বোনরা নিরাপদ নয়। গুপ্তরা তুচ্ছতাচ্ছিল্য করছে। তারা ক্ষমতায় গেলে জনজীবনে দুর্বিষহ অবস্থা তৈরি হবে।

তিনি বলেন, একটি দল জাল ব্যালট পেপার ছাপাচ্ছে। নিরীহ মা-বোনদের থেকে বিকাশ নম্বর নিচ্ছে। যারা নির্বাচনের আগেই প্রতারণা করছে, তারা কীভাবে সৎ মানুষের শাসন প্রতিষ্ঠা করবে।

তিনি বলেন, ৫ আগস্টের পরে দেখেছি, স্বৈরাচার যে ভাষায় জনগণকে কথা বলত, গুণীমানি ব্যক্তিকে অপদস্থ করত, মানুষকে ছোট করত। দুঃখের সঙ্গে খেয়াল করলাম, সেই রীতি বন্ধ হয়নি। একটি দল গুপ্ত পরিচয়ে পরিচিত, তারা এখন নতুন জালেমের ভূমিকায় দেশের মানুষের কাছে আবির্ভূত হয়েছে।’

তারেক রহমান বলেন, ‘অত্যন্ত কষ্ট ও ঘৃণার সঙ্গে দেখছি, এই জালেমদের নেতা প্রকাশ্যে নারীদের অত্যন্ত কলঙ্কিত শব্দ ব্যবহার করেছেন। যেই নেতা ও কর্মীরা মা-বোনদের জন্য সম্মান দেখায় না, শ্রদ্ধা নেই মা-বোনদের প্রতি, তাদের কাছে বাংলাদেশের মানুষ আত্মসম্মানসূচক আচরণ আশা করতে পারে না। তাদের কাছ থেকে মানুষ আত্মমর্যাদা আশা করতে পারে না।’

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, ‘গুপ্তদের কুমিল্লা জেলার একজন নেতা বলেছেন, ১২ তারিখ পর্যন্ত জনগণের পা ধরবেন, ১২ তারিখের পর জনগণ তাদের পা ধরবে। কোন পর্যায়ের মানুষ তারা, কোন পর্যায়ের মানুষ হলে জনগণকে তুচ্ছতাচ্ছিল্য করছে, মানুষকে কীভাবে তারা ট্রিট করছে, তাদের মানসিকতা কোন পর্যায়ের তা বেরিয়ে এসেছে।’

সতর্ক করে তিনি বলেন, ‘এরা নির্বাচিত হলে জনগণের ভাগ্যে কী দুর্বিষহ জীবন নেমে আসবে, তা বোঝা যাবে। তাই গুপ্তদের উচিত শিক্ষা দিতে হবে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। আগামীর বাংলাদেশ চলবে জনগণের রায়ের ভিত্তিতে।’

এ সময় বিএনপি ক্ষমতায় গেলে বরিশালে নদীভাঙন রোধে বেড়িবাঁধ তৈরি করবে বলেও জানান দলের চেয়ারম্যান।

এর আগে আজ দুপুর ১২টা ৩০ মিনিটে বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে মঞ্চে ওঠেন তিনি। পরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তারেক রহমান।

দলের চেয়ারম্যানের এই সফর উপলক্ষে বিএনপি, অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আনন্দ বিরাজ করছে।

দীর্ঘ ২০ বছর পর বরিশালের মাটিতে পা রাখেন তারেক রহমান। দেশবাসীর উদ্দেশে নির্বাচনি বার্তা দেওয়ার পাশাপাশি এ মঞ্চেই বরিশাল বিভাগের ২১ আসনে বিএনপি ও শরিক প্রার্থীদের পরিচয় করে দেন জোটের প্রধান।