কুমিল্লার সুয়াগাজী-দেবিদ্বার-মুরাদনগর হয়ে ঢাকায় বিকল্প মহাসড়কের প্রস্তাব

কুমিল্লার সুয়াগাজী থেকে দেবিদ্বার ও মুরাদনগর হয়ে ঢাকার কুড়িল বিশ্বরোড পর্যন্ত একটি বিকল্প মহাসড়ক নির্মাণের প্রস্তাব সামনে এসেছে। বিষয়টি নিয়ে সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবনে সংশ্লিষ্টরা সভা করেছেন।
সভা সূত্রে জানা যায়, প্রস্তাব অনুযায়ী–কুমিল্লার সুয়াগাজী থেকে গোলাবাড়ি ব্রিজ পার হয়ে সড়কটি দেবিদ্বার, মুরাদনগর, বাঞ্ছারামপুর ও আড়াইহাজার হয়ে ঢাকার কুড়িল বিশ্বরোডে যুক্ত হবে। এই বিকল্প মহাসড়কের সম্ভাব্য রুট ও বাস্তবায়ন নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। এলজিইডির কর্মকর্তারা প্রস্তাবিত বিকল্প মহাসড়ক নির্মাণের বিষয়ে ইতিবাচক মতামত দেন। প্রকল্পটি বাস্তবায়নে ধাপে ধাপে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের বিষয়েও আলোচনা হয়।
প্রস্তাবিত মহাসড়কের বিভিন্ন অংশ পর্যায়ক্রমে নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া পথে থাকা গুরুত্বপূর্ণ নদী ও জলপথে সেতু নির্মাণের বিষয়টিও প্রস্তাবনায় রাখা হয়েছে। এসব সেতুর মধ্যে গোমতী ও মেঘনা নদীর ওপর সেতু নির্মাণের বিষয় রয়েছে। প্রয়োজনীয় অন্যান্য অবকাঠামো উন্নয়নের বিষয়েও সভায় আলোচনা হয়।
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পের প্রধানরা সভায় উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা বলছেন, এই বিকল্প মহাসড়ক নির্মিত হলে কুমিল্লা ও ঢাকার মধ্যে যাতায়াত সহজ ও দ্রুত হবে। দেশের পূর্বাঞ্চলের সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগে একটি নতুন গুরুত্বপূর্ণ করিডোর তৈরি হতে পারে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর যানবাহনের চাপও কিছুটা কমতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা।
সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লা-ঢাকা যোগাযোগব্যবস্থাকে আরও আধুনিক, দ্রুত ও গতিশীল করতে বিকল্প এই মহাসড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রকল্পটি বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত উদ্যোগ ও পরিকল্পনা প্রয়োজন।
তিনি বলেন, কুমিল্লা থেকে ঢাকায় যাতায়াতের ক্ষেত্রে বিদ্যমান সড়কের পাশাপাশি নতুন একটি কার্যকর যোগাযোগপথ তৈরি হলে দক্ষিণ-পূর্বাঞ্চলের মানুষের যাতায়াত ও পণ্য পরিবহন সহজ হবে। একই সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়তে পারে।


