logo

নেত্রকোণায় ট্রাকের চাপায় অটোরিকশাচালকসহ নিহত ২

নেত্রকোণায় ট্রাকের চাপায় অটোরিকশাচালকসহ নিহত ২
কেন্দুয়া থানা। ছবি: এশিয়া পোস্ট

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ট্রাকের চাপায় এক নারী ও ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার আরও তিন যাত্রী আহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সোয়া সাতটার দিকে নেত্রকোণা-কেন্দুয়া সড়কের চান্দপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশাচালকের নাম ওয়াজিদ মিয়া (৩৫)। তিনি উপজেলার দলপা ইউনিয়নের বান্দনাল গ্রামের মফিজ মিয়ার ছেলে। নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম স্থানীয় লোকজনের বরাতে জানান, রামপুর বাজার থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি কেন্দুয়ার দিকে যাচ্ছিল। চান্দপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ওয়াজিদ মিয়া ও এক নারী মারা যান।

পরে স্থানীয় লোকজন আহত তিন যাত্রীকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠান।

ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।