‘১৭ বছর পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকার’

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার।
শনিবার (২৪ জানুয়ারি) মাদারীপুরে ঝুঁকিপূর্ণ কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আইন উপদেষ্টা বলেন, জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ প্রস্তুত আছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এটি একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে দুটি বৈশিষ্ট্য আছে—পোস্টাল ব্যালটে ভোট হচ্ছে এবং প্রবাসীরাও প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। গণভোটও হচ্ছে।
বাংলাদেশের গণতন্ত্র ও আইনের শাসন সুসংহত হোক, অনেক দৃঢ়তর হোক, এ জন্য ‘হ্যাঁ’ ভোট দেওয়া জরুরি বলে জানান ড. আসিফ নজরুল।
এ সময় মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোকনুজ্জামান, মাদারীপুরের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মো. এহতেশামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আল নোমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাবসহ অনেকেই উপস্থিত ছিলেন।