ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেলে থাকা দুই ব্যবসায়ীর

কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করেছে হাইওয়ে পুলিশ।
দুর্ঘটনায় নিহতরা হলেন- ভৈরব পৌর শহরের চন্ডিবের এলাকার মো. দুলাল মিয়ার ছেলে আব্দুল্লাহ মিয়া (৩৮) এবং পলতাকান্দা এলাকার মৃত কালাম মিয়ার ছেলে মোমেন (৩৫)। আহত নিপু ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার সেলিম মিয়ার ছেলে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহত ও আহত তিনজনই পেশায় মৎস্য আড়তদার।
স্থানীয়রা জানান, বিকেলে ভৈরব থেকে আশুগঞ্জের উদ্দেশে একটি মোটরসাইকেলে তিনজন রওনা দেন। তারা সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুতে পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল্লাহ মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মোমেনকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। অপর আরোহী নিপুকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় আশুগঞ্জ গোলচত্বর এলাকায় একটি অটোরিকশাকে চাপা দিয়ে ট্রাকটি সড়কের রেলিংয়ের ওপর উঠে যায়। পরে স্থানীয় জনতা ট্রাকটি আটক করে চালকসহ পুলিশে সোপর্দ করে। আটক চালকের নাম পারভেজ। তিনি হবিগঞ্জ সদর উপজেলার বড়বোগলা গ্রামের বাসিন্দা।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করা হয়। দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই এবং অপরজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। ট্রাক ও চালককে আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ওসি জানান, নিহত আব্দুল্লাহ মিয়ার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত মোমেনের মরদেহও পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।