যখন যে দল আসে তার মতো করে ইতিহাস রচনা করে: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, যখন যে সরকার বা দল ক্ষমতায় থাকে সে তার মতো করো ইতিহাস রচনা করে। যে কারণে আমরা হয় দেবতা, না হয় ইবলিশের কথা পাই। সাধারণ কোনো মানুষের কথা পাই না।
শনিবার (২১ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা প্রশাসন আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, কে কী ট্যাগ দিল তাতে কিছু যায় আসে না।
শহীদ মিনারে ফুল দিতে বাধা দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়টিকে বিএনপি যদি বিচ্ছিন্নভাবে ইগনোর করতে চায়, তাহলে তাদের জন্য ভালো হবে না। এটা আমার পরিষ্কার বার্তা।
তিনি আরও বলেন, একটি আসনে এ ধরনের অন্যায়কে প্রশ্রয় দিলে তা সব আসনে ছড়িয়ে পড়বে এবং সারাদেশে অরাজকতা সৃষ্টি হবে।
এ সময় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও রাফে মোহাম্মদ ছড়া। এতে বক্তব্য রাখেন থানার ওসি এ কে এম সফিকুল আলম চৌধুরী, উপজেলা জামায়াত আমির মো. শাহজাহান ভূঁইয়া, এনসিপির মুখ্য সমন্বয়ক আমিনুল ইসলাম ডালিম, সাংবাদিক মো. আল-মামুন, সরকারি হাজি আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান।