ফেনীতে সনাতন ধর্মাবলম্বীসহ তিন শতাধিক ব্যক্তির জামায়াতে যোগদান

ফেনীতে সনাতন ধর্মাবলম্বী নাগরিক ও বিভিন্ন রাজনৈতিক দলের তিন শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বলে জানিয়েছে দলটি। এর মধ্যে বিকাশ সরকারের নেতৃত্বে ১৫ জন সনাতন ধর্মাবলম্বী রয়েছেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ফেনী শহরের সালাম কমিউনিটি সেন্টারে শহর জামায়াতের উদ্যোগে আয়োজিত দাওয়াতি সভা ও যোগদান অনুষ্ঠানে তাঁরা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন। পরে নবাগত নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা ও শহর জামায়াতের নেতারা।
ফেনী শহর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফেনী জেলা আমির মুফতি মাওলানা আব্দুল হান্নান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা সামাউন হাসান।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি মাওলানা আব্দুল হান্নান বলেন, দীর্ঘদিনের দুর্নীতি, শোষণ ও চাঁদাবাজিতে সাধারণ মানুষ অতিষ্ঠ। মানুষ পরিবর্তনের পাশাপাশি শান্তি ও নিরাপত্তা চায়। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে এবং একটি নিরাপদ ও ইনসাফভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যে মানুষ জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছে। তিনি নবাগতদের অভিনন্দন জানিয়ে সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামী ইনসাফভিত্তিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। ধর্ম, বর্ণ ও দলমতনির্বিশেষে প্রত্যেক নাগরিকের ন্যায্য অধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, শহর শাখার মাসব্যাপী দাওয়াতি কার্যক্রমের ধারাবাহিকতায় এসব নেতাকর্মী জামায়াতে যোগ দিয়েছেন। এ কর্মসূচির মাধ্যমে ফেনী জেলায় ইতোমধ্যে প্রায় তিন হাজার সাধারণ মানুষ জামায়াতের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন বলেও দাবি করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, ফেনী জেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, জেলা সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. ইলিয়াসসহ শহর ও ওয়ার্ড পর্যায়ের নেতারা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিকাশ সরকারের নেতৃত্বে ১৫ জন সনাতন ধর্মাবলম্বী এবং বিভিন্ন রাজনৈতিক দলের তিন শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। পরে নবাগতদের ফুল দিয়ে স্বাগত জানান জামায়াতের নেতারা।
