সুন্দরবনের জলদস্যু ‘খানজাহান’ গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, খুলনা
সুন্দরবনের জলদস্যু ‘খানজাহান’ গ্রেপ্তার
গ্রেপ্তার আজহারুল ইসলাম ওরফে খানজাহান। ছবি: সংগৃহীত

খুলনার সুন্দরবনসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে কথিত জলদস্যু ও অস্ত্রধারী সন্ত্রাসী আজহারুল ইসলাম ওরফে খানজাহানকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। এ সময় তার কাছ থেকে দুটি ওয়ান শুটার গান এবং ৩৬ রাউন্ড তাজা সীসার গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব-৬-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার (১ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬-এর সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেতকাশী ইউনিয়নের সোনামুকুন্দি মোড়লের খালসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে আজহারুল ইসলাম ওরফে খানজাহানকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারের সময় তার হেফাজতে থাকা পৃথক দুটি পলিথিনের ব্যাগ থেকে দুটি ওয়ান শুটার গান ও ৩৬ রাউন্ড তাজা সীসার গুলি উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় উদ্ধার করা অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া আজহারুল ইসলাম খুলনা জেলার দাকোপ উপজেলার জয়নগর গ্রামের মৃত জয়নাল খাঁর ছেলে। র‍্যাবের দাবি, তিনি দীর্ঘদিন ধরে সুন্দরবন এলাকায় সক্রিয় একজন অস্ত্রধারী সন্ত্রাসী ও জলদস্যু হিসেবে পরিচিত।

র‍্যাব আরও জানায়, তার অপরাধসংক্রান্ত রেকর্ড (পিসি-পিআর) পর্যালোচনায় খুলনার কয়রা থানা এবং সাতক্ষীরার শ্যামনগর থানায় তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তার করা আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে কয়রা থানায় একটি নিয়মিত মামলা দায়েরের পর উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব কর্তৃপক্ষ জানায়, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিসহ বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে তাদের এই আভিযানিক তৎপরতা অব্যাহত থাকবে।

বিষয় :খুলনা