logo

মহেশপুরে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ

মহেশপুরে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিএনপির একটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ে থাকা চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ও দলীয় পোস্টার-ফেস্টুন পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (৬ মার্চ) গভীর রাতে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটায় বলে শনিবার (৭ মার্চ) নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

স্থানীয়রা জানান, রাত ১টার দিকে পরপর দুটি ককটেল বিস্ফোরণের শব্দ শুনে ও আগুন দেখে আশপাশের বাসিন্দারা ঘটনাস্থলে আসেন। তারা পানি ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিছু সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

বিএনপির নেতাকর্মীরা দাবি করেন, সম্প্রতি ফেসবুকে দলের চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়।

মহেশপুর থানা বিএনপির ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম জানান, গত বুধবার স্থানীয় যুবক মহিরুদ্দিনের একটি ফেসবুক পোস্ট কেন্দ্র করে বিএনপির সদস্য হামিদুল ইসলামের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন। ওই ঘটনার জের ধরে কেউ পরিকল্পিতভাবে বিএনপি কার্যালয়ে আগুন দিতে পারে।

খবর পেয়ে মহেশপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে এবং ঘটনার প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।