কুষ্টিয়ায় পদ্মার চরে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক না পেলেও পদ্মা নদীর চরে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার হাটশ হরিপুর এলাকায় পদ্মা নদীর চর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। রাত সোয়া ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় ডিবি পুলিশের একটি দল হাটশ হরিপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে ওই এলাকায় তল্লাশি চালানোর সময় পদ্মা নদীর চরে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ সেগুলো উদ্ধার করে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।
ডিবি পুলিশ ধারণা করছে, উদ্ধার করা অস্ত্র ও গুলি কোনো অপরাধী চক্র সেখানে ফেলে রেখে যেতে পারে। তবে কারা এবং কী উদ্দেশ্যে অস্ত্রটি সেখানে রেখেছিল, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পুলিশ।
কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম বলেন, মাদকের অভিযানে গিয়ে মাদক পাওয়া যায়নি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে নদীর চরে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় অস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


