Advertisement

দেশ অচিরেই খাদ্য উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানে পৌঁছাবে: খোকন তালুকদার

এশিয়া পোস্ট নিউজ, মাদারীপুর
দেশ অচিরেই খাদ্য উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানে পৌঁছাবে: খোকন তালুকদার
মাদারীপুরে বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তব্য দেন আনিসুর রহমান খোকন তালুকদার। ছবি : এশিয়া পোস্ট

সরকার গঠনের পর থেকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ইমামদের ভাতা, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির মতো জনকল্যাণমূলক কাজ পুরোদমে শুরু করা হয়েছে বলে দাবি করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

শুক্রবার (২৪ জুলাই) সকালে কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পশ্চিম আলিপুর নদীর পাড় বেড়িবাঁধ এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দেশব্যাপী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খোকন তালুকদার বলেন, ইনশাআল্লাহ, দেশের মানুষের ভাগ্যের ইতিবাচক পরিবর্তন ঘটবে। কৃষি খাতে গৃহীত বর্তমান বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপের ফলে বাংলাদেশ অচিরেই খাদ্য উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানে পৌঁছাবে এবং নিজস্ব চাহিদা মিটিয়ে বিদেশেও কৃষিপণ্য রপ্তানি করতে সক্ষম হবে।

কালকিনি উপজেলা কৃষি কর্মকর্তা সন্দীপ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ব্যাপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেয়ামুল আকন, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলাউদ্দিন সরদার ও সাধারণ সম্পাদক কাঞ্চন মিয়াসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতারা।