logo

মানিকগঞ্জে স্বামীকে বেঁধে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, মানিকগঞ্জ
মানিকগঞ্জে স্বামীকে বেঁধে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
এশিয়া পোস্ট গ্রাফিক্স

মানিকগঞ্জের ঘিওরে স্বামীকে বেঁধে রেখে দুই সন্তানের জননী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ঘিওর থানায় মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের তদন্ত চলছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভুক্তভোগী ওই নারী জেলার দৌলতপুর উপজেলার বাসিন্দা। তার আগের স্বামী প্রবাসে থাকার সময় স্থানীয় এক ইটভাটা শ্রমিকের সঙ্গে মোবাইলফোনে পরিচয়ের সূত্র ধরে সম্পর্ক গড়ে ওঠে। পরে প্রায় দুই মাস আগে তিনি দুই সন্তানকে মায়ের কাছে রেখে ওই ব্যক্তিকে বিয়ে করেন।

গত শনিবার (৬ জুন) ওই নারী তার বর্তমান স্বামীকে নিয়ে মায়ের বাড়িতে যান। তবে পরিবারের সদস্যরা এ বিয়ে মেনে না নিয়ে স্থানীয় কয়েকজনের মাধ্যমে তাদের বাড়ি থেকে চলে যেতে বলেন।

এরপর ওই দম্পতি অন্যত্র যাওয়ার উদ্দেশে রওনা দেন। অভিযোগ অনুযায়ী, রাত সাড়ে ৮টার দিকে ঘিওর উপজেলার বাসুদেববাড়ী এলাকায় পৌঁছালে কয়েকজন তাদের পথরোধ করেন। এ সময় ওই নারীর স্বামীকে বেঁধে রেখে তাকে ধর্ষণ করা হয়।

ঘটনার পরদিন রোববার (৭ জুন) সকালে ভুক্তভোগী নারী ঘিওর থানায় গিয়ে মামলা করেন। মামলায় একজনকে প্রধান আসামি এবং অজ্ঞাতনামা আরও ছয় থেকে সাতজনকে সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে। তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে আসামিদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।