রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে আলটিমেটাম

রাঙামাটিতে রুট পারমিটবিহীন অবৈধ অটোরিকশা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে রাঙামাটি জেলা অটোরিকশা চালক সমিতি। সোমবার (৬ জুলাই) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন—রাঙামাটি অটোরিকশা মালিক সমিতির সভাপতি আলী বাবর, রাঙামাটি জেলা অটোরিকশা চালক সমিতির সভাপতি মো. আবুল কালাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক মো. সহিদুল মিয়া, অর্থ সম্পাদক অজিত দে এবং চালক মো. রনি প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, শহরে অবৈধ অটোরিকশা চলাচলের ক্ষেত্রে প্রশাসনের কিছু অসাধু ব্যক্তি জড়িত। তারা মাসোহারা নিয়ে এসব অবৈধ গাড়ি চলাচলের সুযোগ করে দিচ্ছেন।
রাঙামাটি অটোরিকশা মালিক সমিতির সভাপতি আলী বাবর বলেন, রাঙামাটি ১০ কিলোমিটারের ছোট্ট একটি শহর। এখানে ইতোমধ্যে ১ হাজার ৪০০-এর মতো বৈধ অটোরিকশা চলাচল করছে। কিন্তু এর বাইরে শহরে রেজিস্ট্রেশন ও রুট পারমিটবিহীন অটোরিকশা অবৈধভাবে চলাচল করছে, যার সংখ্যা কম করে হলেও হাজার ছাড়িয়েছে। এর ফলে একদিকে যেমন শহরে তীব্র যানজট তৈরি হচ্ছে, অন্যদিকে বৈধ চালকদের আয় অনেক কমে গেছে।
রাঙামাটি জেলা অটোরিকশা চালক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু প্রশাসনকে আলটিমেটাম দিয়ে বলেন, রাঙামাটি শহরে অবৈধ অটোরিকশা বন্ধের জন্য আমরা প্রশাসনকে ছয় দিন সময় দিলাম। আগামী শনিবারের মধ্যে শহরের সকল অবৈধ অটোরিকশা বন্ধ করা না হলে, আগামী রোববার থেকে রাঙামাটি শহরের সকল অটোরিকশা চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে।
উল্লেখ্য, রাঙামাটি শহরের একমাত্র গণপরিবহন এই অটোরিকশা। ফলে এটি বন্ধ হয়ে গেলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন পৌরবাসী।




