মাদারীপুরে ৭ ক্লিনিক সিলগালা

মাদারীপুরের শিবচরে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে লাইসেন্স নবায়ন না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে সাতটি ক্লিনিক সিলগালা করে দেওয়া হয় এবং পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়।
সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলার বিভিন্ন ক্লিনিকে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাতেমা মাহজাবিনকে সঙ্গে নিয়ে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত শিবচর পৌরসভার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে লাইসেন্স নবায়ন না থাকা, নোংরা পরিবেশ, প্রয়োজনীয় কাগজপত্র না দেখাতে পারাসহ বিভিন্ন অপরাধে সাতটি ক্লিনিক সিলগালা করে বন্ধ ঘোষণা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৬০ হাজার টাকা জরিমানাও করা হয়। এ সময় শিবচর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা চাই অনিয়মের সঙ্গে যাতে কেউ জড়িত না থাকে। যাদের অনিয়ম পাওয়া গেছে, তাদের জরিমানা করা হয়েছে।