logo

রমজানে সাহরির পর ছাত্রকে ধর্ষণচেষ্টা, মাদ্রাসা শিক্ষক কারাগারে

রমজানে সাহরির পর ছাত্রকে ধর্ষণচেষ্টা, মাদ্রাসা শিক্ষক কারাগারে

নোয়াখালী সদর উপজেলায় একটি মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীকে (১১) ধর্ষণচেষ্টার অভিযোগে মোহাম্মদ মারুফ নামের এক শিক্ষককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (৩ এপ্রিল) নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন দুপুরে তাকে আদালতে তোলে সুধারাম থানা পুলিশ। এর আগে বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী পৌরসভার ৬ নং ওয়ার্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মোহাম্মদ মারুফ চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের হিরাপুর গ্রামের বাসিন্দা।  

এজাহার সূত্রে জানা যায়, মারুফ ওই মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক। রমজানের মধ্যে গত ২৩ ফেব্রুয়ারি মাদ্রাসার ছাত্ররা সাহরি খেয়ে ঘুমিয়ে পড়ে। তখন শিক্ষক মারুফ ওই ছাত্রকে ঘুম থেকে ডেকে তোলেন। এক পর্যায়ে তিনি ছাত্রটিকে ধর্ষণের চেষ্টা করেন। ঈদের ছুটিতে নির্যাতিত শিক্ষার্থী বাড়ি এলে তার পরিবারকে বিষয়টি অবহিত করে। ঘটনার ১০ দিন পর গত বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী শিশুর বাবা সুধারাম থানায় মামলা করেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.তৌহিদুল ইসলাম বলেন, অভিযুক্ত শিক্ষককে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।