Advertisement

মাদকসেবনে বাধা দেওয়ায় হামলা, স্কুলছাত্র নিহত

এশিয়া পোস্ট নিউজ, নোয়াখালী
মাদকসেবনে বাধা দেওয়ায় হামলা, স্কুলছাত্র নিহত
এশিয়া পোস্ট গ্রফিক্স

নোয়াখালীর সেনবাগে মাদকসেবনে বাধা দেওয়া কেন্দ্র করে মাদক কারবারিদের হামলায় আরাফাত হোসেন ফাহিম নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১০ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের দেবীসিংহপুর গ্রামের আঞ্জু মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পর পুলিশ প্রধান অভিযুক্ত হারুন মিয়াকে গ্রেপ্তার করেছে।

নিহত ফাহিম (১৫) বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের মো. শাহজাহান সাজুর ছেলে এবং পৌর হাজীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সে সেনবাগে তার নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ফাহিমের নানার বাড়ির উঠান ও আশপাশে স্থানীয় হারুন মিয়া ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও সেবন করে আসছিলেন। বুধবার সন্ধ্যায় তারা ওই বাড়ির পাশে মাদকসেবন করলে বাড়ির লোকজন বাধা দেন এবং ধাওয়া করলে তারা সেখান থেকে চলে যান।

পরে রাত সাড়ে ৯টার দিকে হারুন, মমিন ও জাহাঙ্গীরের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়ির সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। হামলায় ফাহিম গুরুতর আহত হলে তাকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত পৌনে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ প্রধান অভিযুক্ত হারুন মিয়াকে গ্রেপ্তার করেছে। হামলার সময় আহত হওয়ায় চিকিৎসার জন্য সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, মাদকসেবনে বাধা দেওয়ার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় :নোয়াখালী