logo

কুমিল্লায় ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড, আশপাশের দোকান বন্ধের নির্দেশ

কুমিল্লায় ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড, আশপাশের দোকান বন্ধের নির্দেশ
ছবি: এশিয়া পোস্ট

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মল্লিকা সিএনজি ফিলিং স্টেশনের গ্যাস রিজার্ভ রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে আগুন নিয়ন্ত্রণে এলেও রিজার্ভ রুম থেকে গ্যাস বের হওয়ার বিকট শব্দ থাকায় সেখানে নতুন করে ঝুঁকি তৈরি হয়েছে। তাই ওই এলাকার আশপাশের দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৪ অক্টোবর) রাত ৯টা ৬ মিনিটের দিকে উপজেলার মল্লিকা ফিলিং স্টেশনের গ্যাস রিজার্ভ রুমের সেফটি ডিভাইসে লিকেজ থেকে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন সদর দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফ আহমেদ কবির।

জানা যায়,সদর দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফ আহমেদ কবিরের নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলেও গ্যাস লিকেজের উৎস ও সেফটি ডিভাইসের ত্রুটি ঠিক না হওয়া পর্যন্ত সেখানে আগুন বা অন্য কোনো তাপের উৎস থেকে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

অগ্নিকাণ্ডে ফিলিং স্টেশনের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলেও গ্যাস লিকেজের কারণে ফিলিং স্টেশন এলাকায় এখনও সতর্কতা রয়েছে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সেখানে কাউকে অবস্থান না করার জন্য সতর্ক করা হয়েছে। একই সঙ্গে আশপাশের দোকানপাট বন্ধ রাখার জন্যও বলা হয়েছে। রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার ফাইটার ফুয়াদ হাসান আহত হন। পরে তাকে সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ফিলিং স্টেশনের ম্যানেজার রুহুল আমিন বলেন, আমরা এখন থেকে আরও সতর্ক থাকব।

সদর দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফ আহমেদ কবির এশিয়া পোস্টকে বলেন, গ্যাস রিজার্ভ রুম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। আমরা ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি এবং আমাদের একজন সহকর্মী আহত হয়। তাকে আপাতত চিকিৎসা দেওয়া হচ্ছে। আর আশপাশের দোকানগুলো সরিয়ে ফেলতে বলা হয়েছে। যেহেতু কেউ সিগারেট জ্বালালে এখানে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটবে।