আত্মগোপনে থাকা ধামরাইয়ের সাবেক কাউন্সিলর আরিফ গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী মামলায় ধামরাই পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম। এর আগে রোববার দুপুরে সাভারের হেমায়েতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ জানায়, সাবেক কাউন্সিলর আরিফ আত্মগোপনে ছিলেন। রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির ওসি মো. সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে সুনির্দিষ্ট মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে থাকার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হেমায়েতপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।