logo

শিক্ষামন্ত্রীর কড়াকড়ি উপেক্ষা এমপির, হলের ভেতর থেকেই ফেসবুক লাইভ

শিক্ষামন্ত্রীর কড়াকড়ি উপেক্ষা এমপির, হলের ভেতর থেকেই ফেসবুক লাইভ

শিক্ষামন্ত্রীর স্পষ্ট নিষেধাজ্ঞা অমান্য করে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়ে হলের ভেতর থেকেই ফেসবুক লাইভ করেছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা যায়, সকালেই কেন্দ্রটিতে প্রবেশ করেন এমপি সেলিম ভূঁইয়া। এ সময় তার ভেরিফায়েড ফেসবুক পেজ ‘অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি’ থেকে সরাসরি সম্প্রচার (লাইভ) চালানো হয়। প্রায় ৮ মিনিট ৫৭ সেকেন্ডের ওই লাইভে তাকে পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষে ঘুরে বেড়াতে এবং পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলতে দেখা যায়।

লাইভ ভিডিওতে দেখা যায়, তিনি সিঁড়ি বেয়ে দোতলায় উঠে একাধিক পরীক্ষার কক্ষের সামনে দাঁড়িয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে অঙ্গভঙ্গিতে নির্দেশনা দিচ্ছেন। একপর্যায়ে একটি কক্ষে প্রবেশ করে সামনের বেঞ্চে বসা এক পরীক্ষার্থীকে প্রশ্ন করেন, পরীক্ষা সহজ হইছে নাকি? পরে এক কক্ষ থেকে অন্য কক্ষে যেতে থাকেন। এ সময় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তাজুল ইসলাম তার সঙ্গে দেখা করতে এলে এমপি তাকে ‘আপনি আপনার কাজ করেন’ বলে ইশারায় চলে যেতে বলেন এ দৃশ্যও লাইভে ধরা পড়ে।

সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সাবেক সভাপতি আলমগীর খান বলেন, পরীক্ষার হলে জনপ্রতিনিধির উপস্থিতি শিক্ষার্থীদের ওপর বাড়তি মানসিক চাপ সৃষ্টি করে। এ কারণে মন্ত্রী নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অমান্য করা অনভিপ্রেত। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।

কেন্দ্র সচিব ও হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম বলেন, আমাকে জানানো হয়েছিল এমপি স্যার এসেছেন। আমি তার সঙ্গে দেখা করে আবার আমার কাজে ফিরে যাই। পরে কী হয়েছে, ফেসবুক লাইভ হয়েছে কি না তা আমার জানা নেই।

সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, আমরা চাই জনগণ জানুক যে পরীক্ষা কেন্দ্র সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। এই কেন্দ্রটি নিয়ে আগে অনেক আপত্তি ছিল, জরাজীর্ণ ভবন, নিরাপত্তা নিয়ে শঙ্কা এসব বিষয় সামনে এসেছিল। তাই লাইভ করে জনগণকে দেখার জন্য করা হয়েছিল।

তিনি আরও বলেন, পুরো বিষয়টি পর্যবেক্ষণের জন্যই সেখানে যাওয়া হয়েছিল, যাতে বাস্তব চিত্র জনগণের সামনে তুলে ধরা যায়। এটি ইতিবাচক দৃষ্টিতে দেখলে ভালো হতো। তবে মন্ত্রীর নির্দেশ অমান্য করে ভেতরে গিয়ে লাইভ করা তার ভুল হয়েছে বলেও স্বীকার করেন তিনি। এ বিষয়ে চাইলে মন্ত্রীর কাছে বিচার দিতে পারেন, যোগ করেন তিনি। 

অন্যদিকে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামছুল আলম এশিয়া পোস্টকে বলেন, মন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে কোনো জনপ্রতিনিধি পরীক্ষার হলে প্রবেশ করবেন না। ফেসবুক লাইভ করা তো আরও গুরুতর বিষয়। বিষয়টি আমরা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব।

গত ১২ এপ্রিল রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন স্পষ্টভাবে জানান, কোনো জনপ্রতিনিধি যেন পরীক্ষার কেন্দ্রে প্রবেশ না করেন। এমন নির্দেশনার পরও এমপি সেলিম ভূঁইয়ার এই উপস্থিতি এবং লাইভ সম্প্রচারকে নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।