মাঠে পড়ে ছিল যুবকের গলাকাটা লাশ

কুমিল্লার মুরাদনগরে এরশাদ মিয়া নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের চাপিতলা গ্রামের দক্ষিণ মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের। নিহত এরশাদ মিয়া (৩২) একই গ্রামের আব্দুল হকের ছেলে।
জানা গেছে, মাদক বা চুরি করা মালামালের ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
নিহতের বাবা আব্দুল হক বলেন, তার ছেলে আগে গাড়ি চালালেও কয়েক বছর ধরে মাদকে জড়িয়ে পড়ে এবং বিপথে চলে যায়। পরিবার থেকে তাকে ফেরানোর চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম কামরুজ্জামান জানান, লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।