কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট পুত্রবধূ, বাঁচাতে গিয়ে প্রাণ গেল শ্বশুরেরও

রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) উপজেলার অনুপামপুর কলোনিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন অনুপামপুর কলোনিপাড়া গ্রামের মৃত রেকাত আলীর ছেলে শমসের আলী (৬০) এবং তার পুত্রবধূ তানিয়া বেগম (২৫)। তানিয়া একই গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা বাড়িতে ভ্যান চার্জ দেওয়ার বৈদ্যুতিক সংযোগের একটি তার পাশের গোয়ালঘরের দিকে নেওয়া হয়। ওই তারে ভেজা কাপড় মেলে দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তানিয়া বেগম। তাকে বিদ্যুতের সংযোগ থেকে ছাড়াতে তার শ্বশুর শমসের আলী এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য তাকদিরুল ইসলাম বলেন, বৈদ্যুতিক তারের ওপর ভেজা কাপড় দিতে গিয়ে প্রথমে তানিয়া বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন এবং তাকে উদ্ধার করতে গিয়ে শমসের আলীও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


