logo
Advertisement

আ.লীগের ৭ নেতার মৃত্যুদণ্ড: মাদারীপুরে বিক্ষোভ, সড়ক অবরোধ

আ.লীগের ৭ নেতার মৃত্যুদণ্ড: মাদারীপুরে বিক্ষোভ, সড়ক অবরোধ
মাদারীপুর-শরীয়তপুর-ঢাকা মহাসড়কে আওয়ামী লীগের মিছিল। ছবি: এশিয়া পোস্ট

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিমসহ জাতীয় নেতাদের বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় প্রত্যাহারের দাবিতে মাদারীপুরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মিছিলটি মাদারীপুর-শরীয়তপুর-ঢাকা মহাসড়কে উঠলে কয়েক মিনিটের জন্য সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর খবর পেয়ে মিছিলকারীরা দ্রুত সরে যান।

মিছিল থেকে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে নাছিমসহ জাতীয় নেতাদের বিরুদ্ধে দেওয়া রায় প্রত্যাহার এবং মামলাগুলো বাতিলের দাবি জানান। তারা এসব মামলাকে ‘অবৈধ, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে রায়ের প্রতিবাদ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে মহাসড়কে বের হন। তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে সড়কে অবস্থান নেন। এতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর খবর পেয়ে মিছিলকারীরা সেখান থেকে সরে যান।

বিক্ষোভে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদ বলেন, আমরা এই অবৈধ রায় মানি না। ভুয়া রায় দিয়ে আওয়ামী লীগকে দমন করা যাবে না। এই রায় প্রত্যাহার না হলে এর চেয়েও বড় ধরনের আন্দোলন করা হবে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, তারা আমাদের অগোচরে কয়েক মিনিটের জন্য বিক্ষোভ মিছিল করেছে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার খবর পেয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। পরে তাদের আর পাওয়া যায়নি। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।