logo

‘আ.লীগ নেতাকর্মীদের কষ্ট দিলে দাঁতভাঙা জবাব দেব’, বিএনপি নেতার ভিডিও ভাইরাল

‘আ.লীগ নেতাকর্মীদের কষ্ট দিলে দাঁতভাঙা জবাব দেব’, বিএনপি নেতার ভিডিও ভাইরাল
নেত্রকোনা সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান। ছবি: এশিয়া পোস্ট

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চাচাতো ভাইয়ের ছেলে হানিফকে জয়ী করতে আওয়ামী লীগের ভোট চাইলেন নেত্রকোনা সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান। একইসঙ্গে আ.লীগ নেতাকর্মীদের কষ্ট দিলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তার এমন বক্তব্যে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নে চাচাতো ভাইয়ের ছেলের নির্বাচনি প্রচারণায় দেওয়া এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে খলিলুর রহমানকে বলতে শোনা যায়, ‘আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে হানিফ লড়বে। আমি কথা দিলাম। এখানে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এনসিপি যারা আছেন, আপনারা প্রকাশ্যে নির্বাচনে থেকে হানিফকে সহযোগিতা করবেন। কোনো বিএনপি বা কোনো পুলিশ আপনাদের কষ্ট বা যন্ত্রণা দিলে তার দাঁতভাঙা জবাব দেব আমি। আপনাদের কোনো ভয় থাকবে না। এমপি যেহেতু মুখ বন্ধ রাখছেন, এখানে ভয়ের কোনো কারণ নেই। মামলা করতে হবে, তাই মামলা হয়েছে। কিন্তু মামলা হওয়ার পর আমার এই রৌহা ইউনিয়নে পুলিশ কয়দিন এসেছে?

বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে উপজেলা ও জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। দলের একজন দায়িত্বশীল নেতার মুখে আওয়ামী লীগসহ প্রতিদ্বন্দ্বী দলগুলোর প্রতি আশ্বাস এবং নিজ দল ও পুলিশের বিরুদ্ধে এমন মন্তব্যে তৃণমূলের নেতাকর্মীরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন।

এদিকে বক্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া অসন্তোষের বিষয়ে জানতে খলিলুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু জানান, এটি তার ব্যক্তিগত মতামত, দলীয় বক্তব্য নয়। তবে এ ধরনের বক্তব্য কাম্য নয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালী বলেন, ভিডিওটি সম্পর্কে আমি অবগত নই। এ বিষয়ে উনিই ভালো বলতে পারবেন।