logo

পাটগ্রাম সীমান্তে পুশইনের চেষ্টা ঘিরে উত্তেজনা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, লালমনিরহাট
পাটগ্রাম সীমান্তে পুশইনের চেষ্টা ঘিরে উত্তেজনা
ছবি: এশিয়া পোস্ট

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে এক ‘মানসিক ভারসাম্যহীন’ যুবককে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের (ঠেলে পাঠানো) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে স্থানীয়দের তৎপরতা এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর অবস্থানে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বিজিবি ওই যুবককে পুনরায় শূন্যরেখায় (জিরো লাইন) ফিরিয়ে দিয়েছে।

শনিবার (৬ জুন) বিকেল ৫টার দিকে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আজিজপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশ-ভারত সীমান্তের ৮৫৫ নম্বর প্রধান পিলারের ৫ নম্বর উপ-পিলারের একদিকে বাংলাদেশের আজিজপুর সীমান্ত, অপরদিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার পকেটপাড়া সীমান্ত এলাকা।

শনিবার বিকেলে ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের দাউয়াকামারী ক্যাম্পের একটি টহল দল কাঁটাতারের বেড়ার গেট খুলে আনুমানিক ৩৫ বছর বয়সী এক যুবককে জোর করে বাংলাদেশ সীমান্তে ঠেলে দেয়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় সীমান্তবাসী তাৎক্ষণিকভাবে বিজিবিকে খবর দেন।

খবর পেয়ে ৬১ বিজিবি (তিস্তা-২) ব্যাটালিয়নের কালীরহাট ক্যাম্পের টহল দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ওই যুবকের কথাবার্তা ও আচরণ অসংলগ্ন হওয়ায় প্রাথমিকভাবে তাকে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হয়। এরপর বিজিবি সদস্যরা তাকে ঘটনাস্থল সংলগ্ন কাঁটাতারের বেড়ার একই পথে শূন্যরেখায় ফিরিয়ে দেন।

এ সময় বিএসএফ সদস্যরা ওই যুবককে আবারও বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করলে বিজিবি ও স্থানীয় জনতা একজোটে তা প্রতিহত করে।

নাম প্রকাশ না করার শর্তে কালীরহাট বিজিবির একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে পুশইনের চেষ্টার বিষয়টি বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ইতিমধ্যে বিএসএফের দাউয়াকামারী ক্যাম্পের কমান্ডারকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ওই যুবককে তাদের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে।