logo

পেটে পাথর বাধা অবস্থায় জেলের মরদেহ উদ্ধার

পেটে পাথর বাধা অবস্থায় জেলের মরদেহ উদ্ধার
ছবি : এশিয়া পোস্ট গ্রাফিকস

রাঙামাটির বরকলে কাপ্তাই হ্রদে পেটে পাথর বাধা অবস্থায় এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

শনিবার বিকেলে উপজেলার শুভলং ইউনিয়নের কুরকুটিছড়ি এলাকার নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জেলের নাম মোহাম্মদ আরাফাত হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আরাফাত দীর্ঘদিন ধরে শফিক নামের এক ব্যক্তির কেচকি জালে কাজ করতেন। গত ১৩ অক্টোবর তাদের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে আরাফাতকে মারধরের অভিযোগ ওঠে। পরে তিনি নিখোঁজ হন।

অভিযোগ রয়েছে, আরাফাতের পেট কেটে পাথর বেঁধে নদীতে ডুবিয়ে দেওয়া হয়।

গোপন সংবাদের ভিত্তিতে লংগদু উপজেলার মহলছড়ি এলাকা থেকে অভিযুক্ত শফিককে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো স্থান থেকে পাথর বাঁধা অবস্থায় আরাফাতের মরদেহ উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।