logo

মহাসড়কে ক্রিকেট খেলছেন অবরোধকারীরা

মহাসড়কে ক্রিকেট খেলছেন অবরোধকারীরা
মহাসড়ক অবরোধ করে ক্রিকেট খেলছেন আন্দোলনকারীরা। ছবি: এশিয়া পোস্ট

জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের দেওয়া আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় দ্বিতীয় দিনের মতো জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। সোমবার (২৫ মে) দুপুর ১২টা থেকে জামালপুর বাসস্টেশন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

অবরোধ চলাকালে আন্দোলনকারীদের মহাসড়কের মাঝখানে ক্রিকেট খেলতে দেখা যায়। ব্যাট-বল নিয়ে সড়কেই খেলায় মেতে ওঠেন তারা। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং বন্ধ হয়ে যায় যান চলাচল। ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। বেলা ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাস্তা অবরোধ করে রেখেছেন স্থানীয়রা।

মোটরসাইকেল চালক রুবেল বলেন, দীর্ঘ ছুটির পর আজকে বাসায় যাচ্ছি। এতো ভোগান্তি আমাদের। রাস্তা আটকিয়ে অবরোধ, প্রশাসন কী করে তাহলে।

আন্দোলনকারীরা বলেন, ১৯ বছর ধরে দড়িপাড়া, দাপুনিয়াসহ আশপাশের কয়েকটি এলাকার মানুষ ভয়াবহ জলাবদ্ধতার শিকার। শত শত একর ফসলি জমি, ঘরবাড়ি ও স্থানীয় সড়ক ক্ষতিগ্রস্ত হলেও কার্যকর কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আন্দোলনকারী ইসমাইল বলেন, প্রশাসন আশ্বাস দিয়ে কাজ না করায় আজ আমরা দ্বিতীয় দিনের মতো এ অবরোধ কর্মসূচি পালন করছি। আমাদের পানি নিষ্কাশনের কাজ শুরু করলে আমরা রাস্তা থেকে সরে যাব।