logo

ধানের শীষের সমর্থকদের ওপর হামলার অভিযোগ

ধানের শীষের সমর্থকদের ওপর হামলার অভিযোগ

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ সদরের আংশিক) আসনে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটার ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের ওপর হামলা, নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রাশেদ খান।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন তিনি। যেখানে উল্লেখ করা হয়েছে, স্বতন্ত্র প্রার্থী (কাপ-পিরিচ প্রতীক) সাইফুল ইসলাম ফিরোজের নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের সমর্থক এবং সংখ্যালঘু ভোটারদের ওপর পরিকল্পিতভাবে হামলা, শারীরিক নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন ও বাড়িছাড়া করার মতো ঘটনা ঘটাচ্ছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার উপজেলার জামাল ইউনিয়নের হরদেবপুর গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকটি পরিবারের ওপর হামলা ও হুমকি দেওয়ার ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। দাবি করা হয় এমন আচরণের কারণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনি পরিবেশ ব্যাহত হচ্ছে।

হামলার শিকার বলে উল্লেখ করা হয়েছে হরদেবপুর গ্রামের সন্তু দাসের স্ত্রী নীলি দাশ ও অশোক দাসের স্ত্রী ঝুমা দাশের নাম। এ ঘটনায় আনসার মোল্লা, মুনসুর মোল্লা, মনজের মোল্লা, সাখাওয়াত মোল্লা, আলাউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নায়েব আলী, জিল্লু, সুমন ও নাজমুলসহ ১০ জনের নাম অভিযোগে উল্লেখ করা হয়। এ ছাড়া এসব ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন রাশেদ খান।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বলেন, এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমার রাজনৈতিক ইমেজ নষ্ট করার জন্য একটি কুচক্রীমহল এই ধরনের মিথ্যা অভিযোগ করছে।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজোয়ানা নাহিদ জানান, ভুক্তভোগী পরিবারগুলো আমার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমি ভিডিও ফুটেজ দেখেছি। ঘটনাস্থলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ আইন প্রয়োগকারী সংস্থা পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।