logo
Advertisement

মাদক-অস্ত্রের সঙ্গে জড়িতদের ছাড় নয়: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

এশিয়া পোস্ট নিউজ,নারায়ণগঞ্জ
মাদক-অস্ত্রের সঙ্গে জড়িতদের ছাড় নয়: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। ছবি: এশিয়া পোস্ট

মাদক ও অবৈধ অস্ত্রের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

Advertisement

সোমবার (৩১ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় নারায়ণগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় বিগত ১৫ বছরে জেলায় সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এসব ঘটনার পুনঃতদন্ত করা হবে। তদন্তের মাধ্যমে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদের আইনের আওতায় আনা হবে।

মাদক নির্মূলে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে হাবিবুর রশিদ বলেন, মাদকের সঙ্গে রাজনৈতিকভাবে কিংবা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারাই যুক্ত থাকুক না কেন, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। মাদকের বিষয়ে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে সরকার আরও কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি।

নারায়ণগঞ্জে অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়েও প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। তিনি লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ সব বৈধ ও অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি এসব অস্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের তালিকা প্রস্তুত করে তাদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে তাগিদ দেন।

সম্প্রতি নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

তিনি বলেন, বিগত সরকারের আমলে নারায়ণগঞ্জে মাদক ও অস্ত্রের সাম্রাজ্য গড়ে তুলেছিল একটি চক্র। বর্তমানে তারা বিভিন্ন পরিচয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এরই অংশ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, মাদক ও অস্ত্রের বিস্তার ঠেকাতে প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় কিংবা অন্য কোনো পরিচয় বিবেচনায় না নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশেষ মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহাল আমিন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ অনেকে।

সভায় নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে মাদক, অবৈধ অস্ত্র ও অপরাধীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।