কুমিল্লায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার

কুমিল্লা জেলায় তিন দিনের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৮১ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বয়ে পরিচালিত এ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (৯ নভেম্বর) সকালে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান।
জেলা পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যরা যাতে নিষিদ্ধ কর্মকাণ্ডে অংশ নিতে না পারেন এবং মিছিলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারেন, সে লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে কোতোয়ালি মডেল থানা থেকে ১১ জন, সদর দক্ষিণ মডেল থানা থেকে চারজন, চৌদ্দগ্রাম থানা থেকে ১০ জন, চান্দিনা থানা থেকে সাতজন, বুড়িচং থানা থেকে তিনজন এবং ব্রাহ্মণপাড়া থানা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া বরুড়া থানা থেকে ১০ জন, লাকসাম থানা থেকে চারজন, মনোহরগঞ্জ থানা থেকে দুজন, নাঙ্গলকোট থানা থেকে চারজন, দাউদকান্দি মডেল থানা থেকে দুজন, তিতাস থানা থেকে একজন, হোমনা থানা থেকে তিনজন এবং মেঘনা থানা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে দেবিদ্বার থানা থেকে দুজন, মুরাদনগর থানা থেকে একজন, বাঙ্গরা বাজার থানা থেকে চারজন, লালমাই থানা থেকে চারজন এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যদের অপতৎপরতা প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।