logo

আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭

আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭
আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকার প্রীতি গ্রুপের এস সূহী ইন্ডাস্ট্রিয়াল পার্কে ভ্রাম্যমাণ সিলিন্ডার লরিতে আগুন লাগে। ছবি : এশিয়া পোস্ট

আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের ‘এস সূহী ইন্ডাস্ট্রিয়াল পার্ক’ এর ভেতর দাঁড়িয়ে থাকা একটি ভ্রাম্যমাণ সিলিন্ডার লরিতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে জামগড়া চৌরাস্তা সংলগ্ন এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিস ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ৮টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে রাত ১১টা ৪৪ মিনিটে উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়।

ফায়ার সার্ভিস ও থানা পুলিশ সূত্রে জানা যায়, লরির ভেতর থেকে দগ্ধ অবস্থায় ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। বিস্ফোরণের তীব্রতায় সিলিন্ডারের একাংশ ছিটকে গিয়ে বাইরে দাঁড়িয়ে থাকা মোছাম্মত জয়নব বেগম (৫৫) নামের এক নারী পথচারীকে সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় বুলবুল নামে আরও এক ব্যক্তি মারা যান। সব মিলিয়ে এ ঘটনায় মোট ৭ জনের প্রাণহানি ঘটল। এ দুর্ঘটনায় নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য, পথচারী ও কারখানার শ্রমিকসহ ৪০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। আগুনে প্রীতি গ্রুপের কারখানা প্রাঙ্গণে থাকা প্রায় ৮ থেকে ৯টি লরি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় মোট ৭ জন মারা গেছেন। এর মধ্যে কারখানার ভেতরে ৫ জন, ছিটকে আসা অংশের আঘাতে বাইরে ১ জন ও ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বুলবুল নামের ১ জন মারা যান। নিহতদের পরিচয় শনাক্তকরণ ও পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।