সীমান্ত দিয়ে হাসিনা বা তার দোসরদের আসতে দেব না: মনিরুজ্জামান

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান বলেছেন, সুন্দরবন থেকে বাঘ লোকালয়ে আসতে পারবে, কিন্তু সীমান্ত দিয়ে হাসিনা তো দূরের কথা, তার কোনো দোসরকেও শ্যামনগরের মাটিতে প্রবেশ করতে দেব না।
রোববার (২৯ নভেম্বর) শ্যামনগর উপজেলা বিএনপি আয়োজিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মিছিল ও সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ড. মনিরুজ্জামান বলেন, শেখ হাসিনার শাসনামলে দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের ওপর জুলুম, অত্যাচার ও নির্যাতন করা হয়েছে। চৌধুরী আলম ও ইলিয়াস আলীর মতো নেতাদের গুম করা হয়েছে। সারা দেশে অসংখ্য মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের হয়রানি ও নির্যাতন করা হয়েছে।
তিনি আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনের শেষ পর্যায়ে শেখ হাসিনার পতনের আগে কয়েক দিনে ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। তাদের পরিবারের সদস্যদের কষ্ট এখনও শেষ হয়নি। শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নেই।
বিএনপির নেতাকর্মীরা গত নয় মাস ধরে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে চলেছেন দাবি করে তিনি বলেন, শ্যামনগরে আগের সময়ের মতো বিরোধী মতের নেতাকর্মীদের ওপর জুলুম, নির্যাতন, মিথ্যা মামলা ও হয়রানির ঘটনা ঘটেনি। তারা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার চেষ্টা করছেন এবং তা অব্যাহত থাকবে।
প্রতিবেশী দেশের সমালোচনা করে ড. মনিরুজ্জামান বলেন, একটি দেশ তাদের সর্বশক্তি নিয়োগ করে শেখ হাসিনাকে সামনে রেখে বাংলাদেশকে আবার করদ রাজ্যে পরিণত করতে চায়। তবে বাংলাদেশের ১৮ কোটি মানুষ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে এবং বাংলাদেশ আর ভারতের গোলামি করবে না।
