logo

দলীয় মাস্তানদের নিয়ন্ত্রণ না করলে পালানোর পথ পাবেন না: হামিদুর রহমান

দলীয় মাস্তানদের নিয়ন্ত্রণ না করলে পালানোর পথ পাবেন না: হামিদুর রহমান

সরকারের উদ্দেশে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, আপনাদের দলের মাস্তানদের নিয়ন্ত্রণ করুন, নয়তো জনগণ তাদের প্রতিহত করবে। তখন কিন্তু পালনোর পথ খুঁজে পাবেন না।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ফরিদপুর শহরতলীর মুসলিম মিশন মিলনায়তনে উপজেলা/থানার আমির, নায়েবে আমির ও সেক্রেটারি সম্মেলনে এ কথা বলেন তিনি। 

ডাকসুর নেতাদের ওপর হামলা প্রসঙ্গে হামিদুর রহমান আযাদ বলেন, মানুষের সবচেয়ে নিরাপদ জায়গা হলো থানা, আর ছাত্র নেতারা থানায় গিয়ে হামলা শিকার হন। তাদের কী অপরাধ ছিল। এ সময় তিনি বিএনপির উদ্দেশে বলেন, শিবিরকে রগ কাটার অপবাদ দেওয়া হয়, কিন্তু আমরা চট্টগ্রামে দেখলাম, আমার ভাইয়ের পায়ের রগ কেটেছে কারা? 

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, প্রয়োজন হলে আবারও জুলাইয়ের মতো আন্দোলন হবে, এখনও সময় আছে জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন। তিনি নিজ দলের নেতাকর্মীদের আগামীতে আন্দোলনের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।    

জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, সংসদে মানুষের মৌলিক অধিকারের অধ্যাদেশ বাতিল করা হয়েছে, যেগুলো পাস করা হয়েছে তা মৌলিক অধিকারের নয়। সরকারের কাছে আমার প্রশ্ন আবার কি আয়না ঘর, গুমের মতো ঘটনা তৈরি করে বিরোধী দলকে দমন করা হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার প্রধান নির্বাচনের আগে তাদের দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি ‘হ্যাঁ’ ভোটের পক্ষেও সমর্থন চেয়েছিলেন, তবে কেন একই তপশিলের দুটি ভোটে অংশ নিয়ে একটি শপথ পড়লেন আর ‘হ্যা’ ভোটের রায়কে ছুড়ে ফেললেন।

জামায়াতের এই কেন্দ্রীয় নেতা বলেন, আপনারা দেশের ৭০ ভাগ মানুষের রায়কে এভাবে ছুড়ে ফেলতে পারেন না। আপনাদের মনে রাখতে হবে দেশটা সরকারের নয়, এটি সবার বাংলাদেশ।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ফরিদপুর জেলার আমির মওলানা বদরুদ্দীন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য শামসুল ইসলাম বরাটি, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব, ইমতিয়াজ উদ্দিন আহমেদ প্রমুখ।