logo

হেলিকপ্টারে ফরিদপুরে পৌঁছাল নিহত সেনাসদস্যের মরদেহ

হেলিকপ্টারে ফরিদপুরে পৌঁছাল নিহত সেনাসদস্যের মরদেহ
বাংলাদেশ সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে তার মরদেহ এসে নগরকান্দায় পৌঁছায়। ইনসেটে নিহত সেনাসদস্য তিতাস শেখ। ছবি : এশিয়া পোস্ট

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মো. তিতাস শেখের মরদেহ সেনাবাহিনীর হেলিকপ্টারে ফরিদপুরে পৌঁছেছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে তার মরদেহ নিজ এলাকায় পৌঁছালে স্বজন ও স্থানীয় লোকজন শেষবারের মতো তাকে দেখতে ভিড় করেন।

নিহত তিতাস শেখ নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের বাসিন্দা। তার বাবার নাম আফজাল হোসেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ১ বীর ইউনিটের সদস্য হিসেবে টেকনাফের রঙ্গীখালী আর্মি ক্যাম্পে কর্মরত ছিলেন।

এদিন বিকেল ৪টা ৫০ মিনিটে ফরিদপুরের নগরকান্দা উপজেলার সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি (মডেল স্কুল) মাঠে হেলিকপ্টারটি অবতরণ করে। এ সময় স্বজন ও স্থানীয়রা তিতাসের মরদেহ গ্রহণ করেন। পরে মরদেহটি উপজেলার লস্করদিয়া আতিকুর রহমান উচ্চবিদ্যালয় মাঠে নেওয়া হয়। সেখানে বিকেল ৫টা ২৫ মিনিটে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফনের প্রস্তুতি নেওয়া হয়। তিতাসের মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান চলছিল। এ সময় পাহাড়ি সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন সেনাসদস্য তিতাস শেখ। তার বুকের বাঁ পাশে গুলি লাগে।

পরে তাকে লেদা আইআরসি রোহিঙ্গা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বেসামরিক অ্যাম্বুলেন্সে করে রামু সিএমএইচে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ৪৮ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।