Advertisement

যশোরে এমপি নজরুলের কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপ, পরে আগুন

এশিয়া পোস্ট নিউজ, যশোর
যশোরে এমপি নজরুলের কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপ, পরে আগুন
যশোরে এমপি নজরুলের কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপ। ছবি: এশিয়া পোস্ট

জামায়াত নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রতিবাদে যশোরে তার প্রতীকী কুশপুত্তলিকায় পুরোনো জুতা-স্যান্ডেল নিক্ষেপ ও পরে আগুন ধরিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়।

বুধবার (২২ জুলাই) বিকেলে শহরের চৌরাস্তা মোড়ে ‘সচেতন নারী সমাজ যশোর’-এর ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা জামায়াত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রতীকী কুশপুত্তলিকায় পুরোনো জুতা-স্যান্ডেল নিক্ষেপ করেন। এরপর তারা কুশপুত্তলিকায় আগুন ধরিয়ে প্রতিবাদ জানান।

এ সময় উপস্থিত আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে অভিযুক্ত এমপিকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানান। সমাবেশে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, যশোর পৌরসভার সাবেক কাউন্সিলর রাশিদা রহমান, শামসুন নাহার পান্নাসহ সচেতন নারী সমাজের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, সংসদ সদস্যের বিরুদ্ধে ওঠা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী দোষীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ও কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তারা।