পুকুরে ভাসছিল ২ ভাইয়ের লাশ

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলো— মালয়েশিয়া প্রবাসী আব্দুল মমিনের দুই ছেলে তামিম হোসেন (১০) ও ফাহিম হোসেন (১২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের খেলা করছিল দুই ভাই তামিম ও ফাহিম। খেলার কোনো এক সময় তারা দুজনে পুকুরে গোসল করতে নেমে যায়। এদিকে অনেক সময় পরও তারা বাড়িতে ফিরে না এলে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করতে শুরু করে। খোঁজাখুঁজি এক পর্যায়ে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখা যায়। এসময় স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।