‘পাহাড়ে ডাক্তার দেখানো কষ্টের, বিজিবি আমাদের ফ্রি চিকিৎসা দিয়েছে’

এশিয়া পোস্ট নিউজ, জামালপুর
‘পাহাড়ে ডাক্তার দেখানো কষ্টের, বিজিবি আমাদের ফ্রি চিকিৎসা দিয়েছে’
বিজিবির মেডিকেল ক্যাম্প। বুধবার জামালপুরের বকশীগঞ্জ উপজেলায়। ছবি: এশিয়া পোস্ট

‘আমাগো এই পাহাড়ি এলাকায় ডাক্তার দেখানো অনেক কষ্টের। অসুখ-বিসুখ হইলে দূরে যাইতে হয়, গরিব মানুষের পক্ষে সব সময় তা সম্ভব হয় না। বিজিবি আইয়া গ্রামের মানুষেরে ফ্রি চিকিৎসা আর ওষুধ দিছে, এতে আমরা অনেক উপকার পাইছি। ভবিষ্যতেও এমন ক্যাম্প হইলে এলাকার মানুষ আরও বেশি উপকৃত হইব।’

বুধবার (১৫ জুলাই) জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ফ্রি চিকিৎসাসেবা নেওয়া জয় দাঙ্গো এসব কথা বলছিলেন।

তার এলাকা দুর্গম পাহাড়ি সীমান্তাঞ্চল লাউচাপড়ার সাতানিপাড়ায় দিনব্যাপী মেডিকেল ক্যাম্প আয়োজন করে বিজিবি।

মেডিকেল ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

মেডিসিন, শিশু, গাইনি ও চর্মরোগসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা প্রদান করেন।

মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল মোস্তাফিজুর রহমান এবং জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, এই দুর্গম পাহাড়ি এলাকায় ৫০০-৬০০ মানুষের চিকিৎসাসেবার আয়োজন করা হয়েছে। এই ক্যম্পেইনে বিজিবির বিশেষজ্ঞ ডাক্তাসহ বাইরের ডাক্তারও আছে। বিশেষ করে পাহাড়ি ঢলে বন্যার সৃষ্টি হয়েছে সীমান্তের বিভিন্ন জায়গায়, এই অঞ্চলের মানুষ যেন সহজে চিকিৎসাসেবা পেতে পারে সেজন্য এমন আয়োজন করা হয়েছে।

বিষয় :জামালপুর