Advertisement

লালমনিরহাটে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

এশিয়া পোস্ট নিউজ, লালমনিরহাট
লালমনিরহাটে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর
ছবি : সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারীতে পুকুরে ডুবে রুকাইয়া খাতুন নামে দুই বছর বয়সি এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার সারপুকুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নামুড়ী চন্দ্রপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুকাইয়া একই গ্রামের মো. রতন মিয়া ও রেহেনা বেগম দম্পতির মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলা করছিল রুকাইয়া। একপর্যায়ে সবার অজান্তে সে পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে চিৎকার দিলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় অটোরিকশাযোগে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

এ ঘটনায় শিশুটির নানা মজিদুল হক আদিতমারী থানায় একটি অপমৃত্যুসংক্রান্ত লিখিত আবেদন করেছেন। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি চেয়েছেন তিনি।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজিব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।