দিনাজপুরে মদসহ ভারতীয় নাগরিক আটক

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় অভিযান চালিয়ে মদসহ অজিত কুমার ঘোষ (৪২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৪ বোতল মদ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে হাকিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) গেপাল চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার রাতে উপজেলার মধ্যবাসুদেবপুর এলাকায় সড়কে মাদক বিরোধী অভিযান চলাকালে তাকে আটক করে থানা পুলিশ।
আটক অজিত কুমার ঘোষ ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার গোসাইপুর গ্রামের গিরেন্দ্র নাথ ঘোষের ছেলে।
পুলিশ জানায়, রাতে মধ্যবাসুদেবপুর এলাকায় সড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছিল। এসময় একটি ইজিবাইক তল্লাশী করার সময় যাত্রী অজিত কুমার ঘোষের কাছ থেকে ৪ বোতল মদ উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট ও আধার কার্ড জব্দ করা হয়।
এসআই গোপাল চন্দ্র সরকার জানান, আটক অজিত কুমার ঘোষের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

