Advertisement

হাতিয়ায় বেড়িবাঁধ ভেঙে তিন গ্রাম প্লাবিত

এশিয়া পোস্ট নিউজ, নোয়াখালী
হাতিয়ায় বেড়িবাঁধ ভেঙে তিন গ্রাম প্লাবিত
জোয়ারের ঢেউয়ের আঘাতে বেড়িবাঁধের কিছু অংশ ভেঙে যায়। ছবি: এশিয়া পোস্ট

নোয়াখালীর হাতিয়ায় বেড়িবাঁধ ভেঙে তিনটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। কৃষিজমি, বসতভিটা, রাস্তাঘাট ও হাটবাজার হঠাৎ তলিয়ে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। আর রাতের জোয়ারে ভোগান্তি আরও বেড়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামের পাশে এই বেড়িবাঁধ ভেঙে যাওয়ার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরের পর আসা জোয়ারের ঢেউয়ের আঘাতে বেড়িবাঁধের কিছু অংশ ভেঙে যায়। মুহূর্তের মধ্যে চরঈশ্বর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের অধিকাংশ এলাকা প্লাবিত হয়। অনেক জায়গায় রাস্তার ওপর দিয়ে দুই থেকে তিন ফুট উচ্চতায় জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে।

বাঁধ ভেঙে প্লাবিত হয়ে গেছে কয়েকটি গ্রাম। ছবি: এশিয়া পোস্ট
বাঁধ ভেঙে প্লাবিত হয়ে গেছে কয়েকটি গ্রাম। ছবি: এশিয়া পোস্ট

চরঈশ্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আনসার উদ্দিন বলেন, কয়েক দিনের অতিরিক্ত বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের কারণে বেড়িবাঁধের অনেক এলাকা ধসে গিয়ে সরু হয়ে পড়েছিল। শুক্রবার দুপুরের জোয়ারে সেটি ভেঙে যায় এবং বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। দিনের বেলার জোয়ারে পানি তুলনামূলক কম হলেও অনেক এলাকা ডুবে গেছে। রাতের জোয়ারে পানির উচ্চতা আরও বেড়েছে। বেড়িবাঁধ ভেঙে যাওয়ার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।

এ বিষয়ে রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, চরঈশ্বর ইউনিয়নের ওই অংশটি ভেঙে যাওয়ার আশঙ্কা আগে থেকেই ছিল। এ জন্য একাধিকবার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো ব্যবস্থা নেওয়ার আগেই বেড়িবাঁধটি ভেঙে যায়। বিষয়টি জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জানানো হয়েছে এবং তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

ইউএনও বলেন, শনিবার (১৮ জুলাই) সকালে তিনি নিজেই সরেজমিনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন এবং পরিদর্শন শেষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

বিষয় :নোয়াখালী