রাষ্ট্রপতির বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ নাহিদের

অভিশংসনের মাধ্যমে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে অপসারণের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। নাহিদের দাবি, রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন, তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে এবং তিনি জুলাই আন্দোলনের সময় নির্বিকার ভূমিকায় ছিলেন।
শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবির কথা জানান।
নাহিদ ইসলাম বলেন, আমরা নির্বাচনকে সম্মান জানিয়ে অনেক ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার সত্ত্বেও সংসদে গিয়েছি। কারণ এত কারচুপির পরও জনগণ আমাদের কয়েকজনকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন সংস্কার কার্যক্রম, উচ্চকক্ষকে বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার করার জন্য। আমরা সে উদ্দেশ্য এবং ম্যান্ডেট নিয়ে সংসদে গিয়েছিলাম।
তিনি আরও বলেন, আমরা বলেছিলাম ফ্যাসিস্টের দোসরমুক্ত সংসদ দেখতে চাই। কিন্তু দুঃখজনকভাবে এই সরকারের প্রথম সংসদ সুন্দরভাবে শুরু হলেও আমরা আন্তরিকতার সঙ্গে অংশগ্রহণ করলেও দেখা গেল, ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতিকে বক্তব্য দিতে দেওয়া হলো। এটি করে জুলাই আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সংসদ, সেটার সঙ্গে এক ধরনের প্রতারণা করা হলো। মাননীয় স্পিকারকে আমরা বলেছিলাম, রাষ্ট্রপতির বক্তব্যের বিষয়ে আমাদের বক্তব্য রয়েছে। কিন্তু আমাদের সে সুযোগ না দিয়ে তিনি রাষ্ট্রপতিকে বক্তব্য দিতে দিয়েছেন। এর ফলস্বরূপ আমরা প্রতিবাদ করে ওয়াকআউট করে চলে এসেছি।
একইসভায় বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। কিন্তু ময়মনসিংহে বালু উত্তোলন নিয়ে অনেক চাঁদাবাজি হয়, বাসস্ট্যান্ডে চাঁদাবাজি হয় এবং শুকিয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদকে নিয়ে অনেকে ব্যবসা করতে চায়। আমি এসে দেখলাম, এই শহরে ট্রাফিক জ্যাম অনেক, খুবই বাজে অবস্থা। এটা বিভাগীয় শহর কিন্তু গুছানো কিছুই নেই। আমরা দোয়া করব, যারা জনগণের সেবা করতে চায় তারা যেন এই ময়মনসিংহকে দেশের সবচেয়ে সুন্দর একটি বিভাগীয় শহরে রূপান্তরিত করতে পারে।
এ সময় অসুস্থ বিএনপি নেতা মির্জা আব্বাসের জন্য দোয়া কামনা করে তিনি আরও বলেন, বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা আব্বাস সাহেব অনেক অসুস্থ, হাসপাতালে ভর্তি আছেন। উনার অস্ত্রোপচার হবে, আমরা ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তায়ালার কাছে দোয়া করি, আল্লাহ তায়ালা যেন তাকে সুস্থতা দান করেন এবং নেক হায়াত দারাজ করেন। যাতে উনি বাংলাদেশের মানুষের খেদমত করতে পারে এবং সংস্কার থেকে শুরু করে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে সেগুলো যেন বাস্তবায়ন করতে পারেন।
এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়াজ মেহরাব তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদ এমপি, এনসিপির নেত্রী তানহা শান্তা, ডা. জাহিদুল ইসলাম, জাহিদ আহসান, খান তালাত মাহমুদ রাফি, আশিকিন আলম, ইকরাম এলাহী খান প্রমুখ।