অস্ত্র কিনতে গিয়ে জনতার গণপিটুনি, ভাঙা বন্দুকসহ আটক ২

কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া এলাকায় অবৈধ অস্ত্র কিনতে গিয়ে স্থানীয় জনতার হাতে গণপিটুনির শিকার হয়েছেন দুই ব্যক্তি। পরে খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে আটক করে। এ সময় তাদের কাছে থাকা ব্যাগ থেকে একটি ভাঙা বন্দুক জব্দ করা হয়।
বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মাঝপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার মৃত তালেব আলীর ছেলে শাজাহান ও লাহিনী বটতলা এলাকার আকুলের ছেলে সবুজ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাঝপাড়া এলাকার মজিদ মেম্বার নামের এক ব্যক্তির কাছ থেকে অস্ত্র কিনতে সেখানে যান শাজাহান ও সবুজ। এ সময় তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয় জনতা তাদের ঘিরে ধরে গণধোলাই দেয়। খবর পেয়ে ইবি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার ও আটক করে। তল্লাশি চালিয়ে তাদের ব্যাগ থেকে একটি ভাঙা বন্দুক উদ্ধার করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হাতকড়া পরা অবস্থায় দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এতে তারা মজিদ মেম্বারের কাছ থেকে বন্দুকটি সংগ্রহের কথা স্বীকার করে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, কুষ্টিয়ার বিতর্কিত ‘নান্দিয়ার বিল’ কেন্দ্রিক আধিপত্য বিস্তারকে ঘিরে এলাকায় আবারও অবৈধ অস্ত্রের তৎপরতা বাড়ছে। অতীতে এই বিলের নিয়ন্ত্রণ নিয়ে সহিংসতায় বহু প্রাণহানির ঘটনা ঘটেছিল। নতুন করে অস্ত্রের লেনদেনের খবরে স্থানীয় বাসিন্দাদের মনে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা ও চরম আতঙ্ক দানা বাঁধছে।
এ বিষয়ে ইবি থানার ওসি শেখ মাসুদ রানা বলেন, ঘটনার নেপথ্য কারণ, অস্ত্রের প্রকৃত উৎস এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত চলছে।
.png)






