রাজশাহীতে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু

‘ফুয়েল ম্যানেজমেন্ট’ মোবাইল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেছেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
রোববার (১২ এপ্রিল) সকাল ৯টায় নগরীর কুমারপাড়া অবস্থিত গুলগোফুর ফিলিং স্টেশনে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এই অ্যাপের মাধ্যমে রেশনিং পদ্ধতিতে একজন মোটরসাইকেলচালক পাঁচ দিনে একবার ৫০০ টাকার তেল নিতে পারবেন। মাইক্রোবাস ও প্রাইভেটকারচালকরা ২ হাজার টাকার পেট্রোল বা ডিজেল কিনতে পারবেন।
ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্ত পয়েন্টম্যানরা যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করে জ্বালানি তেল সরবরাহ করবেন। এ সেবা গ্রহণের ক্ষেত্রে গ্রাহকদের কোনো ধরনের রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে না।
জেলা প্রশাসক শহিদুল ইসলাম জানান, নতুন এই ব্যবস্থায় একজন গ্রাহক কখন তেল কিনেছেন, কত লিটার নিয়েছেন এবং কতবার নিয়েছেন—সব তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত থাকবে। এর ফলে তেলের অতিরিক্ত ব্যবহার, অস্বাভাবিক মজুত এবং অনিয়ম সহজে শনাক্ত করা সম্ভব হবে।