logo

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত

জামালপুরের মেলান্দহে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা ও ভাতিজা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হন।

বুধবার (৫ মার্চ) রাত ২টার দিকে মেলান্দহ পৌর এলাকার মিয়ারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভার ঢালুয়াবাড়ী এলাকার ধীরেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে কাজল ও তার ভাতিজা মৃত উজ্জলের ছেলে আকাশ।

পুলিশ জানায়, রাতে মাহমুদপুর এলাকায় বিয়ের দাওয়াত শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন চাচা ও ভাতিজা। পথে মিয়ারপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আকাশ মারা যান। আহত অবস্থায় কাজলকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাতেই ঘটনাস্থল থেকে পুলিশ বাইক দুটিসহ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আহত অপর বাইকচালক সাইম (২২) নামে এক যুবক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তার পরিচয় পাওয়া যায়নি।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত সাইম হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।