বগুড়ায় শ্বশুর খুন, অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে

বগুড়ার কাহালু উপজেলায় মকবুল হোসেন নামে ৭০ বছর বয়সি এক বৃদ্ধকে কুপিয়ে খুনের ঘটনা ঘটেছে। সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তাকে খুন করা হয় বলে মেয়ের জামাই শাকিল আহম্মেদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
রোববার (২৮ জুন) বিকেল চারটার দিকে উপজেলার বাঘইল গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাকিল আহম্মেদ ও মকবুল হোসেন একই বংশের সদস্য এবং জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। রোববার বিকেলে শাকিল শ্বশুরবাড়িতে গিয়ে সম্পত্তির ভাগাভাগি নিয়ে মকবুল হোসেন ও তার বড় ছেলে শহিদুল ইসলামের সঙ্গে কথা-কাটাকাটি করেন।
একপর্যায়ে শাকিল ধারালো অস্ত্র দিয়ে মকবুল হোসেনের ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। বাবাকে রক্ষা করতে গেলে শহিদুল ইসলামও হামলার শিকার হন।
পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক মকবুল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত শহিদুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনার পর অভিযুক্ত শাকিল আহম্মেদ ও তার পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে পালিয়ে গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।






