মাদকসেবনের অভিযোগে গ্রেপ্তার দুই ছাত্রদল নেতা বহিষ্কার

ফেনীর সোনাগাজীতে মাদকসেবনের অভিযোগে পুলিশ কর্তৃক গ্রেপ্তারের পর ছাত্রদলের দুই নেতাকে নিজ নিজ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে শুক্রবার (১৬ অক্টোবর) রাতে ফেনী জেলা ছাত্রদল এ সিদ্ধান্ত গ্রহণ করে।
বহিষ্কৃত দুই নেতা হলেন সোনাগাজী বক্তারমুন্সী ফাজিল ডিগ্রি মাদ্রাসা ছাত্রদলের সভাপতি সাখাওয়াত হোসেন রবিন (২২) এবং সোনাগাজী উপজেলার ২ নম্বর বগাদানা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রায়হান (২৭)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে সোনাগাজীর বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজার সিএনজি স্ট্যান্ডের পেছনে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে গাঁজা ও ইয়াবা সেবনকালে রবিন ও রায়হানসহ মোট চারজনকে আটক করা হয়।
আটক অন্য দুজন হলেন বগাদানা ইউনিয়নের পাইকপাড়া এলাকার শেখ ফরিদ (২৯) এবং আলমপুর এলাকার মো. মোকাদ্দেস ভুঁইয়া তারেক (২৮)। এদের মধ্যে শেখ ফরিদের বিরুদ্ধে হত্যা, মাদক ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে এবং তারেক প্রবাসী বলে জানা গেছে।
তাদের আটকের পর মাদক আইনে মামলা দায়ের করে শুক্রবার (১৬ অক্টোবর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
উক্ত ঘটনার পর জেলা ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থার অংশ হিসেবে ফেনী জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুমনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদেরকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন এশিয়া পোস্টকে জানান, অভিযুক্ত নেতাদের বিষয়ে প্রাথমিক তদন্তসাপেক্ষে সাংগঠনিক নিয়ম অনুযায়ী দল থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।