সন্ত্রাসবিরোধী মামলায় ১৪ বছরের স্কুলছাত্র কারাগারে

লক্ষ্মীপুরের রামগতিতে পুলিশের দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মো. রিমন নামে ১৪ বছর বয়সি এক স্কুলছাত্রকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে আসামি পক্ষের আইনজীবী আবদুর রব সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
কারাগারে পাঠানো রিমন রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের চরমেহার গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুসের ছেলে। সে স্থানীয় চর মেহার আজিজিয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখার ছাত্র। রিমনের ডিজিটাল জন্মসনদ অনুযায়ী তার বয়স বর্তমানে ১৪ বছর ২ মাস।
জানা গেছে, গত রোববার (২ আগস্ট) বিকেলে তাকে চরমেহার এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে। তবে মামলার এজাহারে রিমনের নাম দেওয়া হয় ‘বাচ্চু প্রকাশ রিপন’ এবং তার বয়স দেখানো হয় ১৯ বছর। পরবর্তীতে রিমনের নাম সংশোধিত হলেও আদালতে তাকে সোপর্দ করার সময়ে মামলার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান এজাহারের তুলনায় বয়স কমিয়ে দেখান ১৩ বছর ১১ মাস ২৯ দিন।
আসামি পক্ষের আইনজীবী আবদুর রব সুমন জানান, রামগতি থানা-পুলিশ রিমনকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে। যেহেতু রিমনের বয়স অত্যন্ত কম, তাই আমরা মানবিক বিবেচনায় তার জামিনের আবেদন করেছিলাম। কিন্তু এজাহারভুক্ত তিন নম্বর আসামি হওয়ার কারণে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাদেকুর রহমান জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত থেকে তাকে গাজীপুরের শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হবে।
মামলার নথিসূত্রে জানা যায়, গত ৩০ মে সকালে চর আলগী ইউনিয়নের চরনেয়ামত গ্রামের মধ্য পূর্ব আলেকজান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্রের সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে সরকারঘনিষ্ঠ উসকানিমূলক স্লোগান দিয়ে ঝটিকা মিছিল ও ভিডিও ধারণ করে। জননিরাপত্তা বিপন্ন করা ও আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর অভিযোগে গত ৪ জুন রামগতি থানার উপপরিদর্শক (এসআই) ময়নাল হোসেন বাদী হয়ে রিমনসহ ১২ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা রামগতি থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, সন্ত্রাসবিরোধী মামলায় রিমনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বয়স কম নাকি বেশি তা তদন্তসাপেক্ষে খতিয়ে দেখা হবে।
.png)


