ছুটি শেষে শিল্পনগরী গাজীপুরে কর্মচাঞ্চল্য

ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে শ্রমিকদের কর্মস্থলে ফেরার পর আবারও কর্মমুখর গাজীপুর। ১০ দিনের ছুটি শেষে কর্মচাঞ্চল্যে ফিরেছে গাজীপুরের সব কারখানা।
রোববার (২৯ মার্চ) সকালে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। কারখানায় কর্মপরিবেশ নিয়ে নানা প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ।
সংশ্লিষ্টরা জানান, গাজীপুরে ২ হাজার ৭৫৩ কারখানায় ঈদের ছুটি হয়েছিল। এরমধ্যে প্রায় ২ হাজার ১০০টি পোশাক কারখানা রয়েছে। যেখানে কাজ করেন প্রায় ২২ লাখ শ্রমিক। তাদের বেশির ভাগই ঈদের ছুটিতে গ্রামের বাড়ি গিয়েছিলেন। অধিকাংশ কারখানায় ১০ দিনের দীর্ঘ ছুটি হয়েছিল। ছুটি শেষে পুরোদমে শুরু হয়েছে উৎপাদন প্রক্রিয়া।
ইকোটেক্স নামে একটি পোশাক কারখানার নিরাপত্তাকর্মী রাহিবুল ইসলাম বলেন, কারখানায় সব শ্রমিক সময়মতো কাজে এসে যোগ দিয়েছেন। উৎপাদন প্রক্রিয়া শুরু হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশ সুপার আমজাত হোসেন বলেন, গাজীপুরের শতভাগ কারখানা খুলেছে। কর্মপরিবেশ স্বাভাবিক রয়েছে। স্বতঃস্ফূর্তভাবে শ্রমিকরা তারা কাজে যোগ দিয়েছে।